লালমনিরহাটে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।
এক বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ বলেন, ধর্ম অবমাননার কথিত অভিযোগে লালমনিরহাটে একদল মানুষ পৈশাচিক উন্মত্ততায় যেভাবে বর্বর হামলা চালিয়েছে, সেই বিভৎস ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এ ধরনের বর্বর হামলা সামগ্রিকভাবে গোটা সমাজের জন্য হুমকিস্বরূপ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, লালমনিরহাটের ঘটনা বিচ্ছিন্ন নয়, দীর্ঘদিনের উন্মত্ততার ধারাবাহিকতার অংশ। ধর্ম অবমাননার অভিযোগ তুলে এর আগেও দেশের বিভিন্ন স্থানে বর্বর হামলা চালানো হয়েছে। সরকার আক্রান্ত মানুষকে রক্ষা না করে, মৌলবাদী শক্তিকে ইন্ধন জুগিয়েছে। সরকারের আশ্রয়ে-প্রশ্রয়ে পরিকল্পিতভাবে দেশে মৌলবাদের প্রসার ঘটানো হচ্ছে।
বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ আরও বলেন, বাক্, ব্যক্তি, বিবেক ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার লড়াইকে বেগবান করার পাশাপাশি ধর্মান্ধতা, মৌলবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক উসকানি, উগ্রতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নেতৃবৃন্দ লালমনিরহাটে জুয়েল হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
Login to comment..