বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও সরকার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার সঙ্গে সঙ্গেই পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়া হয়েছে। অসাধু ব্যবসায়ী আর সিন্ডিকেট শুধু বাজারই নয়, সরকারকেও এখন নিয়ন্ত্রণ করছে।
নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের প্রতি অনির্বাচিত সরকারের কোনো দায় নেই। সরকার ব্যস্ত ক্ষমতায় টিকে থাকার আয়োজন আর লুটপাট নিয়ে। করোনাকালীন মহামারি-পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন জীবন বাঁচাতে দিশেহারা, তখন সরকারের ব্যর্থতা মানুষের জীবনকে আরো হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। পেঁয়াজের ‘ঝাঁঝ’ মানুষ আর সইতে পারছে না।
নেতৃবৃন্দ আরো বলেন, কর্তৃত্ববাদী সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন অধিকারহারা মানুষের যন্ত্রণা বাড়তেই থাকবে। তাই বর্তমান কর্তৃত্ববাদী সরকার হঠাতে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ পূর্বঘোষণা ছাড়াই ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার তীব্র নিন্দা জানান।
Login to comment..