Revolutionary democratic transformation towards socialism

সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সিপিবি’র ডাক

আজ ২৭ জুন সিপিবি কোভিড রেসপন্স টিমের অনলাইন সভা পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কমরেড মোহম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য কমরেড লক্ষ্মী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, আবদুল্লাহ ক্বাফী রতন, সম্পাদক কমরেড আহসান হাবীব লাবলু, কোষাধ্যক্ষ মাহবুব আলম ও সদস্য কমরেড ডা. ফজলুর রহমান। ভাষা সংগ্রামী ন্যাপ নেতা এম এ রকীবের মৃত্যুতে শোক প্রকাশ সভার শুরুতেই ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধে ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক, নওগাঁ পৌরসভার চেয়ারম্যান, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের অন্যতম প্রতিষ্ঠাতা, উত্তরবঙ্গের অবিসংবাদিত নেতা এম এ রকীবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে এম এ রকীবের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হয়। কমিউনিস্ট পার্টির সদস্য ও ন্যাপের নেতা হিসেবে শোষণমুক্ত বাংলাদেশ কায়েমে তাঁর অবিচল সংগ্রামের কথাও স্মরণ করা হয়। সভায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। ছাঁটাইয়ের বিরুদ্ধে গার্মেন্ট শ্রমিকদের লড়াইয়ের প্রতি সিপিবি’র একাত্মতা প্রকাশ সভায় এক প্রস্তাবে সিপিবি নেতৃবৃন্দ বলেন, সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বিজিএমইএ গার্মেন্ট শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। নেতৃবৃন্দ বলেন, বছরের পর বছর শ্রমিকদের নির্মম শোষণ করে গার্মেন্ট মালিকরা দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। আর এখন সংকটের দোহাই দিয়ে সরকারের কাছ থেকে নানা সুবিধা আদায় করে নিচ্ছে। সরকারের কাছ থেকে পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা নিয়েও, অন্যায়ভাবে শ্রমিকদের বেতন বোনাস কেটে রেখেছে। অনেক কারখানায় বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না। ছাঁটাই করা শ্রমিকদের আইনসম্মত প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। মালিকরা অর্ডার না থাকার কথা বলে শ্রমিক ছাঁটাই করছে। নেতৃবৃন্দ বলেন, চলমান মহামারীতে শ্রমিক শ্রেণিকে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হচ্ছে। প্রতিদিনই বকেয়া বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের রাস্তায় নামতে হচ্ছে। পাওনা পরিশোধের পরিবর্তে শ্রমিকদের উপর হামলা-মামলা করা হচ্ছে। নেতৃবৃন্দ বলেন নির্যাতন, মামলা করে শ্রমিকদের আন্দোলন ঠেকানো যাবে না। নেতৃবৃন্দ গার্মেন্ট শ্রমিকদের সকল আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, শ্রমিক শ্রেণির বিরুদ্ধে মালিক শ্রেণি আর সরকারের যৌথ আক্রমণের যথাযথ জবাব দিতে শ্রমিকদের সাথে নিয়ে কমিউনিস্ট পার্টি দুর্বার আন্দোলন গড়ে তুলবে। পাটকল বন্ধের বিরুদ্ধে সিপিবি’র হুঁশিয়ারী সভায় অপর এক প্রস্তাবে নেতৃবৃন্দ সরকার কর্তৃক রাষ্ট্রায়ত্ত পাটকল সমূহ বন্ধ করে দিয়ে দেশের পাট চাষ ও পাট শিল্প ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে হুঁশিয়ারী প্রদান করেন। নেতৃবৃন্দ ২৫ হাজার স্থায়ী ও ২৬ হাজার অস্থায়ী মোট ৫১ হাজার শ্রমিককে কর্মচ্যুত করে তাদের পরিবার সমূহকে পথে বসানোর ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার ঘোষণা দেন। নেতৃবৃন্দ পাট শ্রমিক ও পাট চাষীদের সর্বস্বান্ত করার সরকারের এ গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিক-কৃষকের যৌথ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..