Revolutionary democratic transformation towards socialism

২৬ আগস্ট ফুলবাড়ী দিবস পালনের আহ্বান ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি সিপিবি’র

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, আগামী ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী গণঅভ্যূত্থানের বীর শহীদ ও লড়াকু জনগনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে ফুলবাড়ী চুক্তির পূর্ন বাস্তবায়নের দাবি জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন দেশের মানুষের স্বার্থে দেশের গ্যাস, কয়লাসহ সকল সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার দাবি দীর্ঘদিনের। কিন্তু শাসকরা দেশের জন্য নয়, দেশী-বিদেশী লুটেরাদের স্বার্থ রক্ষা করতেই কার্যক্রম গ্রহণ করে। তাইতো মাত্র ৬ শতাংশ রয়্যালিটির বিনিময়ে ঐ অঞ্চলের পানি সম্পদ, আবাদী জমি, প্রকৃতি ও মানুষ ধ্বংস করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের আয়োজন করা হয়েছিল। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন এখনও এশিয়া এনার্জির কার্যক্রম বন্ধ করা হয়নি, উন্মুক্ত খনির সিদ্ধান্ত পরিত্যাগ করা হয়নি বরং ঐ অঞ্চলে মিথ্যা ও বিকৃত তথ্য দিয়ে অপপ্রচার এবং দালাল তৈরির প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে। এই জাতীয় স্বার্থবিরোধী অপতৎপরতা বন্ধে আন্দোলন অব্যাহত রাখার বিকল্প নেই। বিবৃতিতে অবিলম্বে এশিয়া এনার্জির কার্যক্রম ও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের অপতৎপরতা বন্ধের দাবি জানানো হয়। বিবৃতিতে দেশব্যাপী যথাযথ মর্যাদায় আগামী ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস পালন এর আহ্বান জানানো হয়। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..