Revolutionary democratic transformation towards socialism

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন


৩০ জানুয়ারি ২০২০ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আজ ২৬ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা কমিটির উদ্যোগে মুক্তিভবনে সকাল ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল। লিখিত বক্তব্যে তিনি বলেন যে, সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশ নেয়। আর প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। সংবিধানকে সমুন্নত রেখে রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজন একটি শক্তিশালী নির্বাচন কমিশন। যে কমিশন সংবিধানকে সমুন্নত রেখে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিবে। আমরা জনগণের সাংবিধানিক অধিকার ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ আমাদের কাছে একটা রাজনৈতিক লড়াই। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই দুর্বৃত্তায়নের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে, আদর্শভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য রাজপথে সৎ, ত্যাগী ও আদর্শবান রাজনীতিকদের রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করার অনুকূল পরিবেশ তৈরির লড়াই অব্যাহত রেখেছি। এই রাজনৈতিক লড়াইকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নির্বাচন কমিশনের কাছে দাবি তুলে ধরছি- (১) জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ কর। (২) নির্বাচনে টাকার খেলা, প্রশাসনিক কারসাজি বন্ধ কর। (৩) জামানাতের টাকা মেয়র প্রার্থীদের জন্য ১০,০০০/- (দশ হাজার টাকা) এবং কাউন্সিলর প্রার্থীদের জন্য ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) নির্ধারণ কর। (৪) প্রার্থীদেরকে বাধ্যতামূলক সিডি ক্রয় বাতিল কর এবং ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ কর। সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা কমিটির অন্যতম নেতা মানবেন্দ্র দেব। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল ক্বাফী রতন, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল কাদের, সাদেকুর রহমান শামীম ও লুনা নূর। সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..