বাংলাদেশ-ভারত চুক্তির প্রেক্ষিতে ফেইসবুকে মন্তব্য করায় বুয়েট ছাত্রলীগের একদল সন্ত্রাসী কর্তৃক বুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ২১ বছর বয়সী আবরার ফাহাদের হত্যাকাণ্ডে আজ ৭ অক্টোবর এক বিবৃতিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ড স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে ফ্যাসিবাদী আক্রমণ। তারা বলেন, ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের ঘুষকাণ্ড সংগঠনটির পচনকে উন্মোচিত করেছে। এখন তাদের ঘাতক রূপাটিও প্রত্যক্ষ করলো দেশবাসী। নেতৃবৃন্দ ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের দখলদারিত্ব ও দৌরাত্ম বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, ফাহাদ হত্যাকাণ্ডের সময় ছাত্রলীগের উপস্থিত নেতাকর্মীদের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
নেতৃবৃন্দ নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
Login to comment..