আজ ১ জুলাই বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি ঢাকা কমিটির উদ্যোগে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সিপিবি ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর অন্যতম সম্পাদক আব্দুল কাদের এর সভাপতিত্বে ও ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য খান আসাদুজ্জামান মাসুমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সিপিবি’র সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল ও ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জাহিদ হোসেন খান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার জনগণের মতামতের তোয়াক্কা না করে লুটেরাদের স্বার্থ রক্ষায় এনার্জি রেগুলেটরি কমিশনকে দিয়ে দফায় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি করিয়ে চলছে গত ৩০ জুন, কমিশন সংবাদ সম্মেলন করে ১ বার্নার চুলার দাম ৯২৫ টাকা ও দুই বার্নার চুলার জন্য ৯৭৫ টাকা মূল্য ধার্য্য করেছেন, যা গণবিরোধী সিদ্ধান্ত। জনগণের পকেট কেটে লুটেরাদের স্বার্থে সরকারের এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বক্তারা আরও বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে সকল কিছুর মূল্যবৃদ্ধি পাবে যা নিম্ন আয়ের মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। জনগণের আয় বৃদ্ধি হয়নি অথচ প্রতিদিন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ফলে সমাজে চরম অর্থ বৈষম্যের শিকার হচ্ছে গরিব মেহনতি নিম্ন আয়ের মানুষ।
বক্তারা গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আহুত ৭ জুলাই অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) দেশব্যাপী হরতাল সফল করার আহ্বান জানান।
Login to comment..