Revolutionary democratic transformation towards socialism

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ ডিজিটাল ভোট ডাকাতির পরিকল্পনা পরিত্যাগ করুন


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণে সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নির্বাচন কমিশন কর্তৃক সংশোধনের প্রস্তাব অনুমোদনের প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ সমাবেশ করে। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা ফখ্রুদ্দীন কবীর আতিক ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক। সভা পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বাম গণতান্ত্রিক জোটসহ বিরোধী দলসমূহ তফসিল ঘোষণার আগে বর্তমান জাতীয়

সংসদ ভেঙে দেয়া, বর্তমান সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ নির্বাচন তদারকি সরকার গঠন এবং নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি উত্থাপন করেছে তখন দেশবাসীর দৃষ্টি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য সরকারের নির্দেশে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ইভিএম ব্যবহারের ইস্যুকে সামনে নিয়ে এসেছে। নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার দুই মাস আগে ইভিএম ব্যবহারের প্রস্তাবনা গ্রহণ করে নির্বাচনী পরিবেশকে জটিল করার চেষ্টা করছে। রাজনৈতিক দলসমূহ নির্বাচন কমিশনকে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য অসংখ্য পরামর্শ দিয়েছিল তারা সেগুলো আলোচনায় না নিয়ে ইভিএম ব্যবহারের বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করছে। এ সিদ্ধান্ত গ্রহণ করার মধ্য দিয়ে নির্বাচন কমিশন নিজেদের মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েছে এবং পুরো নির্বাচন কমিশন জনগণের আস্থা হারিয়েছে। নেতৃবৃন্দ ডিজিটাল ভোট ডাকাতির উদ্দেশ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে অবিলম্বে তা থেকে সরে আসার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..