Revolutionary democratic transformation towards socialism

সিপিবি নেতা কমরেড লোকমান আর নেই সিপিবি’র গভীর শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নরসিংদী জেলা কমিটির সম্পাদক কমরেড মীর লোকমান হোসেন আর নেই। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে ঢাকায় আনার পথে আজ ২০ আগস্ট ভোরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০। কমরেড লোকমানের অকাল প্রয়াণে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্র আন্দোলনের ভেতর দিয়ে কমরেড লোকমান কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলেন। প্রগতিশীল ছাত্র গণসংগঠন ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে ছাত্র আন্দোলনে এবং পরবর্তীকালে যুব ইউনিয়নের নেতা হিসেবে যুব আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। কৃষকনেতা না হয়েও তিনি কৃষক আন্দোলনকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। নরসিংদীর সাংস্কৃতিক আন্দোলনে তিনি বিশিষ্ট ভূমিকা পালন করেন। গণজাগরণ মঞ্চের আন্দোলনে তিনি ছিলেন নরসিংদীর অন্যতম সংগঠক। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সাংগঠনিক যোগ্যতার কারণেই কমরেড লোকমান অল্প বয়সেই নরসিংদীতে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চলে আসেন। নিষ্ঠার সঙ্গে তিনি পার্টির দায়িত্ব পালন করেন। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। সিপিবি নেতৃবৃন্দ কমরেড লোকমানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..