আজ ১৪ আগস্ট বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও জোট সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয় মুক্তিভবনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু ও সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা ফখরুদ্দিন কবির আতিক, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান।
গত কয়েক দিন ধরে নিরাপদ সড়ক আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের ওপর পরিচালিত হামলা, নির্যাতন, গ্রেপ্তারের উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ সভায় চট্টগ্রামে ৫৭ ধারায় ছাত্র ফেডারেশন নেতা মারুফ হোসেন ও আজিজুর রহমানের গ্রেপ্তার, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যানি সেনের ওপর ছাত্রলীগের হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফ্রন্ট নেতা সোহায়েল আহমেদ শুভ, জাহিদ হোসেন রনি ও ছাত্র ইউনিয়ন নেতা মোর্শেদ হালিমের ওপর ছাত্রলীগের নির্যাতন, বাড্ডায় বাসদ নেতা আহসান হাবীব বুলবুল ও খায়রুল ইসলামের ওপর ছাত্রলীগ-যুবলীগের নির্যাতন এবং ঢাকাসহ সারাদেশে নাম না জানা শতশত আন্দোলনকারীর ওপর পুলিশ ও হেলমেট বাহিনীর আক্রমণ-হামলার তীব্র নিন্দা জানান।
সভায় নেতৃবৃন্দ গ্রেপ্তারকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন ছাত্র, আলোকচিত্রী শিল্পী শহীদুল আলম, অভিনেত্রী নওশাবার অবিলম্বে মুক্তি দাবি করেন। নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে ভীতি প্রদর্শনের জন্য বসুন্ধরা আবাসিক এলাকাসহ অন্যান্য এলাকায় ছাত্র মেসগুলোতে পুলিশী তল্লাশী বন্ধের দাবি জানান।
নেতৃবৃন্দ জুলুম নির্যাতনের পথ পরিহার করে নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেপ্তারকৃত ছাত্রদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Login to comment..