Revolutionary democratic transformation towards socialism

সমাজ প্রগতির সংগ্রামের অগ্রসৈনিক কমরেড মোহাম্মদ নবীর প্রতি বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত


ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানী স্বৈরাচারবিরোধী সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও শান্তি আন্দোলনের অন্যতম সংগঠক, প্রবীণ কমিউনিস্ট নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান প্রয়াত কমরেড মোহাম্মদ নবীর প্রতি বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন শেষে আজ ১৫ জানুয়ারি ২০১৮, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে সকাল ১০টায় পুরানা পল্টনস্থ মুক্তিভবনের সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রয়াতের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, গণতান্ত্রিক

বাম মোর্চা, ঐক্য ন্যাপ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), কমরেড মণি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্ট, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ন্যাপ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ হকার্স ইউনিয়ন, সাপ্তাহিক একতাসহ সিপিবি’র বিভিন্ন শাখা ও বিভিন্ন শ্রেণিপেশার সংগঠন। এছাড়া পরিবারবর্গ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর অ্যাড. গোলাম

আরিফ টিপু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাড. জিয়াদ আল মালুম, আব্দুল হান্নান খান, সানাউল হকসহ অসংখ্য ব্যক্তিবর্গ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, প্রয়াতের সন্তান ওয়াসিম নবী পলাশ ও ডা. নাহিদ নবী লেনা। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান পরিচালনা করেন সিপিবি সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আন্তর্জাতিক সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হয়। সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ছাত্র অবস্থায় কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত হয়ে কমরেড মোহাম্মদ

নবী ব্রিটিশবিরোধী সংগ্রাম, মুক্তিযুদ্ধসহ এদেশের শোষণ মুক্তির সংগ্রামে অনন্য ভূমিকা পালন করে গেছেন। সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে, মুক্তিযুদ্ধের আগে ও পরে সমাজতান্ত্রিক দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এবং বিশ্ব শান্তি আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। নিজের জীবন বিপন্ন করেও পার্টির সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি ছিলেন অবিচল। তিনি নতুন প্রজন্মকে এ ধরনের নিষ্ঠাবান রাজনীতিকের জীবন পাঠ করে মানবমুক্তির সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, কমরেড মোহাম্মদ নবী ৯২ বছর বয়সে গতকাল ১৪ জানুয়ারি ২০১৮, রবিবার, বিকেল ৩টায়, গুলশানস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..