Revolutionary democratic transformation towards socialism

আগামীকাল ২০ জানুয়ারি পল্টনে সিপিবি’র মহাসমাবেশে বোমা হত্যাকান্ডের ১৪তম বার্ষিকী

আগামীকাল ২০ জানুয়ারি, পল্টন বোমা হামলার ১৪তম বার্ষিকী। ২০০১ সালের এই দিনে রাজধানীর পল্টন ময়দানে সিপিবি’র লাখো মানুষের সমাবেশে বোমা হামলা চালায় প্রতিক্রিয়াশীল ঘাতক চক্র। এই হামলায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সিপিবি নেতা কমরেড হিমাংশু মন্ডল, খুলনা জেলার রূপসা উপজেলার সিপিবি নেতা ও দাদা ম্যাচ ফ্যাক্টরীর শ্রমিক নেতা কমরেড আব্দুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি জুটমিলের শ্রমিক নেতা কমরেড আবুল হাসেম ও মাদারীপুরের কমরেড মুক্তার হোসেন ঘটনাস্থলেই এবং খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা কমরেড বিপ্রদাস আহত হয়ে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ঐ বছরেই ২ ফেব্রুয়ারি শহীদের মৃত্যুবরণ করেন। বোমা হামলায় শতাধিক কমরেড আহত হন। এদের মধ্যে অমর মন্ডল, লক্ষণ মন্ডল, মো. জাহাঙ্গীর, আব্দুস সাত্তার, মিজানুর রহমান, এম. এ করিম সহ অনেকে পঙ্গু অবস্থায় বেঁচে আছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে ২০ জানুয়ারির শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ ২০ জানুয়ারির হত্যাকান্ডেরে দ্রুত বিচার দাবি করে বলেন, এই হত্যাকান্ডের বিচার দীর্ঘসূত্রিতায় ফেলে দেওয়া হয়েছে। দায়সারাভাবে চার্জশিট দাখিল করা হয়েছে। এই বোমা হত্যাকান্ডের সাথে জড়িত সকলের পাশাপাশি এর নেপথ্যের হোতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, হামলা করে কমিউনিস্টদের থামানো যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। শহীদদের স্বপ্নের সমাজ প্রতিষ্ঠা করেই তাঁদের প্রতি যথাযথ সম্মান জানানো হবে। শহীদদের স্মরণে সিপিবি’র কর্মসূচি শহীদদের স্মরণে আগামীকাল ২০ জানুয়ারি সোমবার সকাল ১০টা থেকে ১১.৩০টা পর্যন্ত সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সম্মুখে শহীদ স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। পুষ্পমাল্য অর্পণ করবেন সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, যুব ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বার্তা প্রেরক কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..