বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে গতকাল ২৭ নভেম্বর ময়মনসিংহের ফুলবাড়িয়াতে কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় ২জন হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন।
বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকারকে পদদলিত করে সরকার এখন পুলিশ-প্রশাসনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সরকার এখন কোনো আন্দোলনকেই সহ্য করতে পারছে না। তাই কলেজ সরকারিকরণের মতো দাবিতে আন্দোলন গড়ে উঠলেও, সেই আন্দোলনও দমন করার জন্য সরকার বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশ হামলা করে পিটিয়ে মানুষ হত্যা করতে পিছুপা হচ্ছে না। এভাবে নির্যাতন করে জনগণের আন্দোলনকে দমন করা যাবে না। আন্দোলন আরো ছড়িয়ে পড়বে।
সরকারের নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য সিপিবি’র নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ ফুলবাড়িয়ার হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
Login to comment..