Revolutionary democratic transformation towards socialism

কমরেড ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে সিপিবি’র শোক “বিশ্ব কমিউনিস্ট আন্দোলনে কমরেড ফিদেল ক্যাস্ট্রোর নাম চিরঅক্ষয় হয়ে থাকবে”

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের মহান নেতা কমরেড ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে নেতৃবৃন্দ কিউবার শোকাহত জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ বলেন, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে অনুপ্রেরণাদায়ী নাম কমরেড ফিদেল ক্যাস্ট্রো। তরুণদের কাছে তিনি বিপ্লবের প্রতীক। কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের স্থপতি, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের মহান নেতা কমরেড ফিডেল ক্যাস্ট্রোর প্রয়াণে সারা দুনিয়ার মেহনতি ও শান্তিপ্রিয় মানুষ আজ শোকাহত। তাঁর মৃত্যুতে একুশ শতকের সমাজতান্ত্রিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি সাধিত হলো। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে অসামান্য এক বিপ্লবী জীবনের অবসান হলো। সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষ হারালো এক মহান নেতাকে। বিশ্ব কমিউনিস্ট আন্দোলনে কমরেড ফিদেল ক্যাস্ট্রোর নাম চিরঅক্ষয় হয়ে থাকবে। শোক বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ আরো বলেন, ৫০-এর দশকে মার্কিন দালাল স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে কমরেড ফিদেল যে বিপ্লবের সূচনা করেছিলেন, কিউবার জনগণকে একটি সফল সমাজতান্ত্রিক দেশ উপহার দেয়ার মধ্য দিয়ে তিনি ও তাঁর কমরেডরা সে বিপ্লবকে পূর্ণতা দিয়েছিলেন। সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয়ের পর, কমরেড ফিদেল সমাজতন্ত্রের প্রশ্নে ছিলেন পাহাড়ের মতো অবিচল। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি আজীবন আপসহীন লড়াই পরিচালনা করে গেছেন। সাম্রাজ্যবাদের কঠোর অবরোধের মুখেও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিউবার জনগণকে সংগঠিত করে, কিউবান বিপ্লবকে রক্ষা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছয়শরও বেশি বার সাম্রাজ্যবাদ তাঁকে হত্যার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। বিশ্বের নিপীড়িত ও আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের ঝাণ্ডা নিয়ে লড়াই করেছেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ফিদেল ক্যাস্ট্রো ও তাঁর দলের অকুণ্ঠ সমর্থনের কথা বাংলাদেশের জনগণ চিরদিন কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কমরেড ফিদেল ক্যাস্ট্রো বিশ্বের নিপীড়িত, নির্যাতিত, মুক্তিকামী মানুষের মুক্তির লড়াইয়ে বেঁচে থাকবেন। বিশ্ব কমিউনিস্ট আন্দোলনে তিনি অনন্ত প্রেরণার উৎস হয়ে থাকবেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..