Revolutionary democratic transformation towards socialism

ইরানে ইসরাইলি হামলা বন্ধ কর, সাম্রাজ্যবাদী-জায়নবাদী উস্কানি বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী জনগণ রুখে দাঁড়ান


ইরানে ইসরাইলি বাহিনীর অব্যাহত মিসাইল হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ ১৭ জুন ২০২৫ প্রদত্ত এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সম্পূর্ণ বিনা উস্কানিতে ইরানের মাটিতে ইসরাইলি বাহিনীর এই ন্যক্কারজনক হামলা ইতিহাসে নজিরবিহীন। সিপিবি এই হামলা অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছে। একইসাথে এই সংঘাতে সাম্রাজ্যবাদী-জায়নবাদী উস্কানি প্রতিহত করতে বিশ্ব জনতার কাছে আহবান জানাচ্ছে।  

বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ বলেন, ইরানে ইসরাইলি বাহিনীর এ হামলায় গতকাল পর্যন্ত ৭০ জন নারী ও শিশুসহ ২২০ জন মানুষ নিহত হয়েছেন। অপরদিকে, ইরানের পাল্টা আঘাতে ইসরাইলে ২০ জন নিহত হয়েছেন। এর ফলশ্রুতিতে পুরো পশ্চিম এশিয়াজুড়ে এক ভয়ানক যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এরই মাঝে ইসরাইলি প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদালত স্বীকৃত মানবতাবিরোধী অপরাধী নেতানিয়াহু প্রকাশ্যে ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীকে হত্যার ঘোষণা দিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে তেহরানের অধিবাসীদের ইরান ছাড়ার হুমকি দিয়েছেন। এই ঘটনা থেকে সাম্রাজ্যবাদী-জায়নবাদী অপশক্তির আসল চেহারা এবং উদ্দেশ্য নগ্নভাবে উন্মোচিত হয়েছে। ফলে ইরানে এই হামলাকে কেন্দ্র করে আরো ব্যাপকতর ও দীর্ঘস্থায়ী যুদ্ধ সংঘটিত হবার পরিস্থিতি তৈরি হয়েছে। যা স্বাভাবিক কারণেই বিশ্ববাণিজ্য ও অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে এর ব্যাপকতর ভুক্তভোগী হবে বিশেষতঃ এশিয়া, আফ্রিকা এবং সারা দুনিয়ার শ্রমিকশ্রেণি। 

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, মার্কিন মদদে আনবিক শক্তিধর ইসরাইল আজ দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। এই কারণে, এই সময়কালে ইসরাইল প্যালেস্টাইনে গণহত্যা চালিয়ে ৫৫ হাজার ৪৩২ জন নিরীহ নাগরিককে হত্যা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তাই বিশ্ব নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ বন্ধে অবিলম্বে জাতিসংঘকে জরুরি এবং বিশেষ উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারে উচিত, দেশের জনগণের ম্যান্ডেটের প্রতি সম্মান দেখিয়ে ইসরাইল ও মার্কিন সরকারের এই অবস্থানের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সেসব দেশের সরকারকে আনুষ্ঠানিকভাবে পত্র দেয়া এবং তা জাতির সামনে প্রকাশ করা।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..