
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মো: শাহ আলম এবং
সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৯ মে ২০২৫, শুক্রবার এক বিবৃতিতে
সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক
লুনা নূরের পিতা ছাত্র ইউনিয়নের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ
নূরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। কমরেড শাহ নূর পটুয়াখালী জেলার
প্রগতিশীল আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
বিবৃতিতে
নেতৃবৃন্দ প্রয়াত শাহ নূরের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত
পরিবারের প্রতি সমবেদনা জানান। নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে সিপিবি একজন
শুভাকাঙ্ক্ষীকে হারালো।
প্রয়াত শাহ নূর একসময় পটুয়াখালী সরকারি
কলেজের ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঊনসত্তরের
গণ-অভ্যুত্থানেও অংশ নেন। তিনি একসময় কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে
শ্রেণিহীন সমাজের লড়াইয়ে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, আজ ৯ মে ২০২৫
শুক্রবার, সকাল ৮টায় রাজধানীর হেল্থ এন্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ৩ কন্যা,
নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জুম্মা আরজতপাড়া জামে
মসজিদে প্রথম জানাযা নামাজ শেষে তাকে পটুয়াখালী নিয়ে যাওয়া হয়। সেখানে
পটুয়াখালী ঈদগাহ মাঠে বাদ এশা তার দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাযার নামাজ শেষে তাকে পটুয়াখালী পৌর কবরস্থানে সমাহিত করা হবে।