Revolutionary democratic transformation towards socialism

‘যেকোনো ষড়যন্ত্র উপেক্ষা করে দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম অব্যাহত রাখা হবে’


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৪ এক বিবৃতিতে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশ, বিদেশে পাচারের টাকা উদ্ধার, খেলাপি ঋণ আদায়, এর সাথে জড়িত ও দায়ীদের শাস্তি, আর্থিক খাতে অব্যবস্থাপনা, অনিয়ম দূর করাসহ সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট আহূত আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, সকাল সাড়ে ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ, বাংলাদেশ ব্যাংক অভিমুখে মিছিল ও ব্যাংকের সামনে বিক্ষোভ ও একই দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, টাকা পাচার, ব্যাংকের টাকা লুট স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। নানাভাবে ক্ষমতাসীনদের সাথে যোগসাজশ ছাড়া এ ধরনের অবাধ লুটপাটের ক্ষেত্র তৈরি করা সহজ নয়। এর বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তুলেই জনগণের অর্থ রক্ষা করতে হবে। নেতৃবৃন্দ দুর্নীতি লুটপাট ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতিও আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এদেশে জনস্বার্থের আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন ও কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করার চক্রান্ত ষড়যন্ত্র বিভিন্ন সময় হয়েছে। সম্প্রতি, বিশেষ করে বিগত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে কেনাবেচা ও দল ভাঙা গড়ার মধ্য দিয়েই নীতিহীন রাজনীতির চেহারা আরও পরিষ্কারভাবে ফুটে উঠেছে। কমিউনিস্ট পার্টি ও নীতিনিষ্ঠ বামপন্থীরা এ সময় নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে দুঃশাসনবিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে। এ সময়ও বামপন্থি দল ও বাম আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার নানামুখী চক্রান্ত চলছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যেকোনো ষড়যন্ত্র উপেক্ষা করে দুঃশাসনের অবসান, ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, জনজীবনের সংকট দূর করতে ও ব্যবস্থা বদল এবং বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..