Revolutionary democratic transformation towards socialism

৫ লাখ কোটি পাচারের টাকা ও ৪ লাখ কোটি টাকা খেলাপি ঋণ উদ্ধারের দাবি


বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ৫ লাখ কোটি পাচারের টাকা ও ৪ লাখ কোটি টাকা খেলাপি ঋণ উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানিয়ে বলেছেন, পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধার করলে আইএমএফ এর কাছ থেকে শর্তযুক্ত ঋণ এনে দেশ ও দেশের মানুষকে ঋণের জালে আবদ্ধ করার মত ভুল সিদ্ধান্ত নিতে হবে না।

তিনি বলেন, সাধারণ মানুষের আয় বাড়েনি, অথচ মাথাপিছু আয়ের কথা বলা হচ্ছে। তিনি সারা দেশে রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান এবং মজুরি কমিশন গঠন ও জাতীয় নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।

রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের অধিকাংশ মানুষের আয় কমলেও খরচ বেড়ে যাওয়ায় অনেককেই কম খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। অথচ লুটেরাদের সম্পদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেড়েই চলছে।

তিনি নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দাবি করে বলেন, একজন রাষ্ট্রদূত পর্যন্ত রাতের ভোটের কথা প্রকাশ্যে বলেছেন।

তিনি বাম গণতান্ত্রিক জোট আহুত ১৫ থেকে ৩০ নভেম্বর

দেশব্যাপী বিক্ষোভ পক্ষ সফল করার আহ্বান জানান।

বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে দেশব্যাপী বিক্ষোভ পক্ষের প্রথম দিনে আজ ১৫ নভেম্বর বিকেল ৪টায় ঢাকার পল্টন মোড়ে ঢাকা মহানগর বাম জোটের সমন্বয়ক ডা. সাজেদুল হক রুবেল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নেতা খালেকুজ্জামান লিপন, বাসদ (মার্ক্সবাদী)'র ডা.জয়দীপ ভট্টাচার্য, বিপ্লবী কমিউনিস্ট লীগের তৈমুর খান অপু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আমেনা আক্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল মিয়া।

সমাবেশ থেকে ঢাকার বিভিন্ন এলাকায় এলাকায় বিক্ষোভ ও ২ ডিসেম্বর ঢাকার সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা ঢাকায় গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট সমাধানে ব্যবস্থা গ্রহণ, যানযট দূর, নিম্ন আয়ের মানুষের কাছে ন্যায্যমূল্যে নিত্যপণ্য পৌঁছানোর দাবি জানান।

বক্তারা দুঃশাসন, দুর্নীতির অবসান ঘটিয়ে ব্যবস্থা বদলের সংগ্রামে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশ শেষে বিজয়নগর, তোপখানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..