Revolutionary democratic transformation towards socialism

২৫ আগস্ট বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল সফল করার আহ্বান বাম জোটের

বাম গণতান্ত্রিক জোটের সভায় জ্বালানি তেল, ইউরিয়া সার, গ্যাস, পানি, খাদ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানো, বিদ্যুৎ-গ্যাসের দাম আবারো বৃদ্ধির পাঁয়তারা বন্ধ এবং সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

আজ ১৮ আগস্ট সকাল ১০টায় সিপিবি কার্যালয়ে জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র বিধান দাস, সিপিবির মিহির ঘোষ, সাজ্জাদ জহির চন্দন, বাসদ (মার্কসবাদী)’র মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল শিকদার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় চা-শ্রমিকদের আন্দোলনের সাথে পূর্ণ সমর্থন জানিয়ে অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় সম্প্রতি নেত্র নিউজে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা পরিচালিত নির্যাতন সেল আয়না ঘরে রাজনৈতিক নেতাকর্মীসহ অন্যান্যদের নির্যাতনের যে ভয়ংকর চিত্র ফুটে উঠেছে তাতে উদ্বেগ প্রকাশ করে, আয়নাঘরে বন্দীসহ গুম হওয়া নাগরিকদের ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়।     

সভায় আশুলিয়ার শ্রমিকনেতা কেএম মিন্টুসহ গ্রেফতারকৃত শ্রমিকনেতাদের মুক্তির দাবিও জানানো হয়।

সভায় আগামী ২৫ আগস্ট হরতালের সফল করতে বিভিন্ন জেলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফরসূচি চূড়ান্ত করা হয়। আগামীকাল ১৯ আগস্ট থেকে নেতৃবৃন্দ জেলা সফরে বের হবেন। 

সভায় বলা হয়, সরকার জনগণের স্বার্থ রক্ষায় শুধু ব্যর্থই নয়, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া সাধারণ মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে মন্ত্রী-আমলারা মানুষের সাথে রসিকতা করে চলেছে। অথচ লুটের টাকা, বিদেশে পাচাও হওয়া টাকা উদ্ধারে দুর্নীতি, দখল দমনে কোনো ভূমিকা নেই। বরং মানুষের ন্যায্য আন্দোলন বাধাগ্রস্ত করা হচ্ছে।
 
নেতৃবৃন্দ এই হরতালকে জনগণের হরতাল বলে উল্লেখ করে সরকারের এসব গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলে ২৫ আগস্ট রাজপথে নেমে হরতাল সফল করার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..