বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির ঢাকাস্থ সদস্যদের এক জরুরি সভায় গত ১ জুলাই ঢাকায় বর্বরোচিত জঙ্গি হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়।
আজ ২ জুলাই মুক্তিভবনস্থ সিপিবি’র কেন্দ্রীয় অফিসে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মনজুরুল আহসান খান, হায়দার আকবর খান রনো, শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, অধ্যাপক এম এম আকাশ, কাফি রতন, মোজাম্মেল হক তারা, অধ্যাপিকা এ এন রাশেদা, মাহাবুব আলম, লুৎফর রহমান, রুহুল আমিন প্রমুখ।
সভায় ঢাকায় জঙ্গি হামলায় নিহত বিদেশি ও দেশি নাগরিক এবং পুলিশ বাহিনীর সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়। সভায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সিপিবি’র নেতৃবৃন্দ বলেন, সিপিবি-উদীচী-ছায়ানটে বোমা হামলা থেকে শুরু করে একের পর এক গুপ্তহত্যা দেশি-বিদেশি দেশি-বিদেশি চক্রান্তেরই অংশ।
নেতৃবৃন্দ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীকে সাম্রাজ্যবাদের গ্লোবাল ষড়যন্ত্রের অংশ হিসেবেই মূল্যায়ন করেন।
নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় জঙ্গিবাদবিরোধী জাতীয় গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য সকল মহল এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ দেশের এই সংকটকালে অন্যান্য গণতান্ত্রিক-প্রগতিশীল দল, গণসংগঠন ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণজাগরণ গড়ে তোলার কাজকে অগ্রসর করে নেয়ার জন্য সিপিবি’র কর্মীদের প্রতি আহ্বান জানান।
বার্তা প্রেরক
চন্দন সিদ্ধান্ত
কেন্দ্রীয় দপ্তর বিভাগ
Login to comment..