Revolutionary democratic transformation towards socialism

নিজামীর মৃত্যুদন্ডাদেশ কার্যকর হওয়ায় সিপিবি’র সন্তোষ প্রকাশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডাদেশ পাওয়া আল-বদর বাহিনীর নেতা, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সন্তোষ প্রকাশ করেছে। সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বলেছেন, মতিউর রহমান নিজামী একাত্তরে মানবতাবিরোধী জঘণ্য অপরাধের সঙ্গে শুধু ব্যক্তিগতভাবেই যুক্ত ছিলেন না, যুদ্ধাপরাধ সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল নেতৃত্বের। তিনি ছিলেন আল-বদর বাহিনী তথা যুদ্ধাপরাধীদের নেতা। স্বাধীনতার পরেও তিনি যুদ্ধাপরাধীদের নেতা হিসেবে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের বিরুদ্ধে নানা অপতৎপরতা চালিয়েছেন। তার মৃত্যুদন্ডাদেশ ন্যায়বিচারের পক্ষে। তার ফাঁসী কার্যকর হওয়ায় সমগ্র দেশবাসীর সাথে আমরাও সন্তোষ প্রকাশ করছি। যুদ্ধাপরাধী নিজামীর সর্বোচ্চ শাস্তির জন্য দেশবাসীকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে নানা ষড়যন্ত্র হয়েছে। এই ঘৃণ্য যুদ্ধাপরাধীর মৃত্যুদন্ডাদেশ কার্যকর হওয়ার মধ্য দিয়ে দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। মুক্তিযুদ্ধ সম্পর্কে নিজামী বিভিন্ন সময়ে নানা কটুক্তি করেছেন। তার এই দাম্ভিকতার পতন হয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য ব্যক্তির পাশাপাশি দল ও সংগঠনেরও বিচার দ্রুতই শুরু করতে হবে। অনেক আগেই আদালত জামাত-শিবিরকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। অবিলম্বে জামাত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিকক্ষেত্রে মার্কিন সাম্রাজ্যবাদসহ যেসব দেশ ও মহল যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার ও জবাবদিহিতার ব্যবস্থা করতে দ্রুতই উচ্চ পর্যায়ের কমিশন গঠন করতে হবে। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..