Revolutionary democratic transformation towards socialism

ইপিজেড-এ পুলিশের গুলিবর্ষণ ও শ্রমিক হত্যার বিচার দাবি করেছে সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে, বকেয়া পাওনার দাবিতে ইপিজেড-এ আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণ ও নির্যাতন এবং গার্মেন্টস শ্রমিক জেসমিন বেগম হত্যার বিচার দাবি করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মালিকের মুনাফার লালসায় শ্রমিকের জীবন আজ দুর্বিসহ। অনেক গার্মেন্ট মালিক শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে না দিয়ে, বেআইনিভাবে কারখানা বন্ধ করে দিচ্ছে। বকেয়া ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনে নামতে হচ্ছে। তাঁদের ন্যায্য বকেয়া পাওনা না দিয়ে, তাঁদের ওপর নির্মম হামলা চালানো হচ্ছে। পুলিশের গুলিবর্ষণ ও হামলায় শ্রমিককে জীবন দিতে হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, সরকার আইনভঙ্গকারী মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে রক্ষা করছে। অর্থ আত্মসাৎকারী মালিকের সম্পদ বাজেয়াপ্ত করে, সরকার শ্রমিকের পাওনা পরিশোধ করার উদ্যোগ নিচ্ছে না। সরকারের পেটোয়া পুলিশবাহিনী বুভুক্ষ শ্রমিকের ওপর গুলি ছুঁড়তে, হামলা চালাতে দ্বিধা করছে না। এভাবে গুলি আর নির্যাতন চালিয়ে ক্ষুধার্ত শ্রমজীবী মানুষের ক্ষোভ থেকে কিছুতেই রক্ষা পাওয়া যাবে না।

নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের ওপর গুলিবর্ষণ এবং গার্মেন্টস শ্রমিক জেসমিন বেগম হত্যার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দিতে হবে।

নেতৃবৃন্দ শ্রমিকদের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধের ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..