আবারো আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় পণ্ড জলি তালুকদারের পথসভা
Posted: 21 ডিসেম্বর, 2018
আবারো আওয়ামী লীগের হামলায় পণ্ড বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সম্পাদক, নেত্রকোণা-৪ আসনে কাস্তে মার্কায় সংসদ সদস্যপদে প্রতিদ্বন্দ্বী জলি তালুকদারের পথসভা। ২১ ডিসেম্বর মোহনগঞ্জের ২ নম্বর ইউনিয়নের ঝিমটি বাজারের পথসভায় কাস্তে মার্কার প্রার্থী জলি তালুকদার বক্তৃতা দেওয়ার সময় আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসী সালেক ও জানুর নেতৃত্বে সন্ত্রাসীরা তার হ্যান্ডমাইক কেড়ে নিয়ে ভেঙে ফেলে। নেত্রকোণা ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মিঠুন শর্মা অভি, শ্রমিকনেতা আবু বকরকে টার্গেট করে মারধোর করে স্থানীয় ক্ষমতাসীনেরা। তারা বলে, নৌকার এলাকায়, রেবেকা মমিনের এলাকায় অন্য কাউরে দাঁড়াতে দেয়া হবে না। এসময় সন্ত্রাসীদের বাধা দিতে গেলে জলি তালুকদার ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য মো. কিবরিয়াও আহত হন।
সিপিবি কেন্দ্রীয় কমিটির নিন্দা
সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেত্রকোণা-৪ আসনে কাস্তে মার্কার প্রার্থী জলি তালুকদারের পথসভায় আবারো হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বার বার হামলা করে নির্বাচন থেকে কমিউনিস্ট পার্টির প্রার্থীকে পিছু হটানো যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নেতৃবৃন্দ আরো বলেন, পূর্বের হামলাগুলোর পরেই প্রশাসনকে অবগত করা হলেও প্রশাসনের কার্যকরী ভূমিকা না রাখার কারণে সন্ত্রাসীরা আবারো হামলা করার সুযোগ পাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে জলি তালুকদারের নিরাপত্তা প্রদান ও নির্বাচনী প্রচার যাতে নির্বিঘœভাবে করতে পারে সেজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ এ ধরনের হামলার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।