যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠনের জন্য জাতীয় সংসদ ভবনের  দক্ষিণ প্লাজা ব্যবহারে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিপিবি

Posted: 05 জুলাই, 2026

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠন আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।  

আজ ৫ জুলাই ২০২৬, রবিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক জতীয় সংসদ প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি প্রদান মুক্তিযুদ্ধে শহীদ ত্রিশ লাখ মানুষের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল। 

নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যখন আমাদের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ববিরোধী বাণিজ্যচুক্তি চাপিয়ে বাংলাদেশকে ‘করদ রাজ্য’-তে পরিণত করার ষড়যন্ত্র করছে তখন সরকারি দল ও সংসদের তথাকথিত বিরোধী দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সংসদ ভবন প্রাঙ্গণে এ ধরনের অনুষ্ঠান বাংলদেশের মানুষের জন্য অবমাননাকর। 

নেতৃবৃন্দ বলেন, উক্ত অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী জামাত নেতা ডা. শফিক কর্তৃক যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু আখ্যায়িত করা উভয়েরই ’৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকে পুনরায় স্পষ্ট করেছে। ’৭১-এ যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারকে সামরিক ও রাজনৈতিক সহযোগিতা দিয়েছিল এবং সপ্তম নৌবহর পাঠিয়ে বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল। অপরদিকে জামাত পাকিস্তানি শাসকগোষ্ঠী ও সেনাবাহিনীর সহযোগী হিসেবে দালালি করেছে এবং আল-বদর বাহিনী গঠন করে বাংলাদেশের আপামর মানুষকে হত্যায় সহযোগিতা করেছে। নারীদের ধর্ষণে সহযোগিতা করেছে। কমিউনিস্ট পার্টি জামাত আমিরের বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। 

জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উড়িয়ে উৎসব আয়োজন যাদের সম্মতিতে অনুষ্ঠিত হয়েছে তাদেরকে জাতির কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানান সিপিবি নেতৃবৃন্দ।