বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি জননেতা কাজী সাজ্জাদ জহির চন্দন তৃতীয় আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী ফোরামে যোগ দিতে আজ ২৩ মে ২০২৬, শনিবার মস্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সিপিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী ২৪ থেকে ২৮ মে, ২০২৬ এ সম্মেলনে অংশগ্রহণ করবে।
রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দল, গণআন্দোলনের নেতা, বুদ্ধিজীবী ও শান্তি আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে বিশ্বব্যাপী ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ, যুদ্ধনীতি ও গণতন্ত্রবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি জোরদারের প্রশ্নে আলোচনা অনুষ্ঠিত হবে।
তৃতীয় আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী ফোরামে “আন্তর্জাতিক সন্ত্রাসবাদ-আগ্রাসনের বিরুদ্ধে শান্তি ও নিরাপত্তার সংগ্রাম”-শীর্ষক সম্মেলনে অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের পাশাপাশি সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বক্তব্য রাখবেন। তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শান্তি, গণতন্ত্র, সাম্য, প্রগতিশীলতা ও আন্তর্জাতিক সংহতির পক্ষে সিপিবির অবস্থান তুলে ধরবেন।
মস্কো সফর পূর্ব এক বার্তায় সিপিবি সভাপতি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ফ্যাসিবাদ ও যুদ্ধবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্য গড়ে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। এই ফোরাম সেই সংগ্রামকে আরও বেগবান করবে বলে সিপিবি দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে।