আজ ২১ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩.৩০টায় টাঙ্গাইলের ভূঁয়াপুর উপজেলার বামনহাটা হাটে টাঙ্গাইল-২ আসনের বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী, সিপিবি ঢাকা কমিটির সম্পাদকম-লীর সদস্য ও বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খানের নির্বাচনী পথসভায় প্রচার গাড়ি ও মাইক ভাংচুর এবং নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে।
টাঙ্গাইলে বামনহাটা হাটে নির্বাচনী পথসভায় নেতৃবৃন্দ বক্তব্য প্রদানকালে স্থানীয় আওয়ামী লীগের নামধারী একদল সন্ত্রাসী প্রচার গাড়ি ও মাইক ভাঙচুর করে নেতৃবৃন্দের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদ হোসেন খানের উপরেও হামলা করে। এই হামলায় প্রার্থী জাহিদ হোসেন খান ও সাইফুদ্দিন তালুকদার গুরুতর আহত হন।
সিপিবি কেন্দ্রীয় কমিটির নিন্দা
সিপিবি ঢাকা কমিটির সম্পাদকম-লীর সদস্য ও বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদ হোসেন খানের পথসভায় হামলা, ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হামলা করে নির্বাচন থেকে কমিউনিস্ট পার্টির প্রার্থীকে পিছু হটানো যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন, একইসাথে জাহিদ হোসেন খানের নিরাপত্তা প্রদান ও নির্বাচনী প্রচার যাতে নির্বিঘ্নভাবে করতে পারে সেজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ এ ধরনের হামলার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
Login to comment..