
সিপিবি সূত্রাপুর থানার ৪২নং ওয়ার্ড শাখার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা দীপক শীলকে আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
আজ ২৬ অক্টোবর ২০২৬, সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে বলেন, দেশের বিভিন্ন স্থানে বাউলশিল্পী ও সাংস্কৃতিক আয়োজনের ওপর হামলা, বাধা ও অসহিষ্ণুতার প্রতিবাদে ধানমন্ডিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে গিয়ে দীপক শীল পুলিশের হাতে নির্যাতিত ও আটক হয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, সাংস্কৃতিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। এসব অধিকার সংকুচিত করে ভিন্নমত ও প্রতিবাদ দমন করার প্রবণতা দেশে ভয়ের পরিবেশ তৈরি করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাউলসংগীত, লোকজ সংস্কৃতি ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োাজনের ওপর হামলা এবং বাধা দেওয়ার ঘটনাগুলো উদ্বেগজনক। কোন অজুহাতেই কোনো ব্যক্তি বা গোষ্ঠী দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করতে পারে না। এসব ঘটনার ক্ষেত্রে প্রশাসনকে মানুষের সাধারণ অধিকারের পক্ষে ভূমিকা পালন করতে হবে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সিপিবির নেতৃবৃন্দ দীপক শীলকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ ও স্লোগানকে কেন্দ্র করে আটক, হয়রানি কিংবা ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সব প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।