মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ঘাতক-যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। প্রতিবাদ বিবৃতিতে এই অপকর্মকে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও বর্বর নির্যাতনের শিকার কয়েক লাখ নারীর আত্মত্যাগের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করা হয়েছে।
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন আজ ১৩ মার্চ ২০২৬, শুক্রবার প্রতিবাদ বিবৃতিতে বলেছেন, একাত্তরে গণহত্যা, গণধর্ষণ ও যুদ্ধাপরাধের সাথে জড়িত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, তাদের মতাদর্শ ও উত্তরাধিকার বহন করা ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দলে থাকা তাদের তল্পীবাহক গোষ্ঠীর লোকেরা ত্রয়োদশ জাতীয় সংসদে আসন গ্রহণ করে দণ্ডিত ঘাতক-যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে গতকাল যে ধৃষ্টতা দেখিয়েছে তা ক্ষমার অযোগ্য। দেশের মানুষ এটা কখনই ভুলবে না।