সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, খুন ও ধর্ষণের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সমাবেশে সিপিবি নেতৃবৃন্দ বলেন, অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ, হত্যাকাণ্ড বন্ধ করার দায়িত্ব সরকারের। বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটিয়ে নারী ও শিশুর বিরুদ্ধে অব্যাহত সহিংসতা বন্ধ করতে হবে।
সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন-এর সভাপতিত্বে পুরান পল্টন মোড়ে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক
ও কেন্দ্রীয় কমিটির সদস্য লূনা নূর এবং সিপিবি ঢাকা জেলা কমিটির সম্পাদক সাজেদা বেগম সাজু। সমাবেশটি পরিচালনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তার।
সভাপতির বক্তব্যে কমরেড সাজ্জাদ জহির চন্দন বলেন, দেশে নারীর ওপর নির্যাতনের ঘটনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি বলেন, পুঁজিবাদী সমাজব্যবস্থা ভেঙে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে না পারলে প্রকৃত নারীমুক্তি সম্ভব নয়। নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে অব্যাহত সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সরকার পরিবর্তন হলেও নারী নির্যাতনের হার কমছে না। সীতাকুণ্ডের সাম্প্রতিক ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। গত
এক মাসে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু এসব ঘটনার বিরুদ্ধে সরকারের কার্যকর ও জোরালো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
কমরেড লূনা নূর বলেন, নারী বিদ্বেষ, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনা থামছেই না। ইয়াসমিন, তনু ও মানিকের ঘটনার বিরুদ্ধে যেমন আন্দোলন হয়েছে, তেমনি প্রতিটি সময়েই প্রগতিশীল শক্তি সংগ্রাম করেছে। তিনি বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ে প্রগতিশীল শক্তি ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ ধর্ষণের সঙ্গে ক্ষমতার সম্পর্ক রয়েছে।
সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব ঘুরে আবার পুরানা পল্টনে এসে শেষ হয়।