কমরেড হায়দার আনোয়ার খান জুনোর মৃত্যুতে
সিপিবি’র শোক প্রকাশ
Posted: 29 অক্টোবর, 2020
বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক আন্দোলনের বিশিষ্ট নেতা, গণসংস্কৃতি ফ্রন্টের সভাপতি, সমাজপ্রগতির লড়াইয়ের অন্যতম যোদ্ধা কমরেড হায়দার আনোয়ার খান জুনোর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড হায়দার আনোয়ার খান জুনো একাত্তরের রণাঙ্গণে সশস্ত্র যোদ্ধা ছিলেন। ৬৯-এর গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচার-সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, সর্বোপরি সমাজপ্রগতির লড়াইয়ে তিনি সব সময় সামনের কাতারে ছিলেন। এ দেশের সাংস্কৃতিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, কমরেড হায়দার আনোয়ার খান জুনোর মৃত্যুতে দেশ একজন পরীক্ষিত দেশপ্রেমিক ও সমাজপ্রগতির লড়াইয়ের যোদ্ধাকে হারালো। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর সংগ্রামী জীবন থেকে নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণ করবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়েছেন।