করোনা পরীক্ষায় ফি মরার উপর খাঁড়ার ঘা : সিপিবি
Posted: 30 জুন, 2020
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে সরকারি হাসপাতালে করোনা সনাক্তকরণ পরীক্ষার জন্য ফি নির্ধারণ করার সিদ্ধান্তকে মরার উপর খাঁড়ার অ্যাখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যেহেতেু এখন পর্যন্ত কোভিড-১৯-এর টিকা বা ওষুধ কোনোটাই আবিষ্কৃত হয়নি। বিশ্বব্যাপী বিশেষজ্ঞরা বলে আসছেন পরীক্ষা করে আক্রান্ত ব্যক্তি চিহ্নিত করা, তাকে আইসোলেশনে (বিচ্ছিন্ন করা) নেওয়া এবং আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) নেওয়াটাই হচ্ছে সংক্রমণ ঠেকানোর মূল উপায়। অপরদিকে মহামারি সারা বিশ্বে দারিদ্র্য পরিস্থিতি উসকে দিয়েছে। মানুষের উপার্জনের পথ বন্ধ হয়েছে, অনেকের জীবিকা হুমকির মুখে। বিশ্বমন্দার কথা শোনা যাচ্ছে। বাংলাদেশ এর বাইরে নয়। দেশের বহু মানুষ কর্মহীন। জীবন-জীবিকা কঠিন হয়ে যাওয়ায় বড় শহর থেকে মানুষ গ্রামে ফেরত যাচ্ছে। আর দেশবাসীর এমন সংকটে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
নেতৃবৃন্দ বলেন, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন যত বেশি পরীক্ষা হবে তত সুবিধা হবে। কিন্তু সরকার হাটছে উল্টোপথে। দেশে কোভিড-১৯ শনাক্তে এখনো প্রয়োজনের তুলনায় পরীক্ষা কম হচ্ছে। শুধু যে পরীক্ষা কম হচ্ছে তা নয়, এ ক্ষেত্রে নতুন রোগী বাড়ছে এমন ১২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তলানিতে। এর মধ্যে করোনা পরীক্ষার মূল্য বা ফি নির্ধারণ দারিদ্রপীড়িত জনগোষ্ঠিকে আদতে পরীক্ষা থেকে দূরে সরিয়ে পুরো স্বাস্থ্যব্যবস্থাকেই আরও ঝুঁকির মধ্যে ফেললো।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা ও অস্থিরতায় করোনা মোকাবেলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এর উপর সরকারি দলের ঠিকাদার, আমলাদের চিকিৎসা সরঞ্জাম নিয়ে চুরি, দুর্নীতি সীমা ছাড়িয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য সরকার এখন নানা ফন্দি-ফিকির করছে। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের উচিত এসব দুর্নীতি ও অব্যবস্থাপনাকে কঠোর হাতে দমন করে মানুষকে হাসপাতালমুখী করা।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে ফি বাতিল করে করোনা শনাক্তকরণ পরীক্ষাকে আরো সহজলভ্য করার মাধ্যমে আরো বেশি মানুষকে পরীক্ষার আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।