সারাদেশে গ্রাহকদের উপর মনগড়া ভুতুড়ে বিদ্যুৎ বিল চাপিয়ে দেয়ায় সিপিবি’র ক্ষোভ ও নিন্দা

Posted: 22 জুন, 2020

# ৩০ জুনের মধ্যে পরিশোধের নির্দেশ প্রত্যাহারের আবেদন সারাদেশে বিভিন্ন বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানিসমূহ কর্তৃক গ্রাহকদের উপর মনগড়া ভুতুড়ে বিল চাপিয়ে দেয়ায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ ২২ জুন এক বিবৃতিতে পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহম্মদ শাহ আলম বলেন, ঢাকাসহ সারাদেশে বিদ্যুৎ গ্রাহকরা ৩০ জুনের মধ্যে পরিশোধের জন্য যে বিল কোম্পানিসমূহের কাছ থেকে পেয়েছেন তার সাথে মিটার রিডিং’র কোনো সম্পর্ক নেই এবং পূর্ববর্তী মাসের সাথে তা অসঙ্গতিপূর্ণ। তারা বলেন, একেবারেই মনগড়া বিল গ্রাহকদের পরিশোধের জন্য প্রেরণ করা হয়েছে। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, করোনাকালে গত তিন মাস যাবৎ মানুষ প্রায় আয়হীন। অনেক চাকুরীজীবী তাদের কর্ম হারিয়েছেন নতুবা পূর্বের তুলনায় প্রায় অর্ধেক বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। অধিকাংশ মানুষের সাধারণ জীবনযাপনেও নাভিশ্বাস উঠে গেছে। এমতাবস্থায় বিদ্যুৎ কোম্পানিসমূহের এ আচরণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। অবিলম্বে মনগড়া ভুতুড়ে বিল প্রত্যাহার করে মিটার রিডিং অর্থাৎ ব্যবহার উপর ভিত্তিক বিল প্রদানের আহ্বান জানাই। সেই সাথে ৩০ জুনের মধ্যে বিল পরিশোধের বাধ্যবাধকতা প্রত্যাহার তথা বিলম্ব সুদ গ্রহণ থেকে বিরত থাকার জন্য কোম্পানিসমূহের প্রতি আহ্বান জানাই। নেতৃবৃন্দ এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতিও আহ্বান জানান।