ডা. সারওয়ার আলী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিপিবি

Posted: 07 জানুয়ারী, 2020

মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি, ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশে হামলার ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, হত্যার উদ্দেশে বাড়িতে ঢুকে ডা. সারওয়ার আলীর মতো বরেণ্য ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের ওপর যেভাবে হামলা হয়েছে, তাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিষয়টি আবারও তুলে ধরেছে। জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পরিস্থিতি এখন এতটাই নাজুক যে, সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে হামলা চালানোর সাহস দেখাচ্ছে! এই পরিস্থিতি কিছুতেই মেনে নেওয়া যায় না। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।