কুমিল্লা, বরগুনায় সিপিবি’র পদযাত্রায়
আওয়ামী সন্ত্রাসীদের হামলার নিন্দা
Posted: 23 নভেম্বর, 2019
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ার দাবি নিয়ে দেশব্যাপী চলমান পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ ২৩ নভেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজারে পদযাত্রাকালীন পথসভায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীরা পার্টির কুমিল্লা জেলা কমিটির সভাপতি আতিকুর রহমান বাসার ও সাধারণ সম্পাদক পরেশ করসহ নেতৃবৃন্দকে লাঞ্ছিত করে। গত ২১ নভেম্বর বরগুনা শহরে পদযাত্রা চলাকালে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে যায়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় পুলিশ ও সন্ত্রাসীরা পদযাত্রায় বাঁধা দেয়ার চেষ্টা করে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম পদযাত্রায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের তীব্র নিন্দা জানান। তাঁরা পার্টি কমরেডদের সকল হামলা-বাধা অতিক্রম করে পদযাত্রা সফল করার আহ্বান জানান।