সাগরে মানবিক বিপর্যয়ে সিপিবি’র গভীর উদ্বেগ পুঁজিবাদের অমানবিকতা-বর্বরতা ফুটে উঠেছে

Posted: 18 মে, 2015

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে সাগরে মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ বলেছেন, সাগরে ভাসছে মানুষ, ভাসছে মানবতা। অসহায় মানুষ খাবার ও পানির অভাবে মারা যাচ্ছে। অনেককে মেরে ফেলাও হচ্ছে। কাজের সন্ধানপ্রার্থী এইসব মানুষ স্বীকৃতি পেয়েছে ‘অবৈধ’ হিসেবে। এইসব মানুষ আজ দেশহীন, রাষ্ট্রহীন। তাদের প্রতি যেন কারো কোন দায়িত্ব নেই! সাগরে মানবিক বিপর্যয়ে পুঁজিবাদের অমানবিকতা-বর্বরতা ফুটে উঠেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, একদিকে সরকার উন্নয়নের দাবি করছে, অন্যদিকে সাগরে মানুষ মরছে। ‘দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে’ বলে সরকার দাবি করলেও, সাগরে সাম্প্রতিক মানবিক বিপর্যয় সেই দাবির অসারতাকে স্পষ্ট করেছে। অসহায় মানুষ বাঁচাতে সরকারকে উদ্যোগ নিতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, রাজনীতি আর কূটনীতির কূটচালে অসহায় মানুষের জীবনপ্রদীপ নিভে যেতে পারে না। এখন সবচেয়ে বড় কাজ অসহায় মানুষকে বাঁচানো, তাদের উদ্ধার করা। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা প্রয়োজন। বিবৃতিতে নেতৃবৃন্দ রোহিঙ্গা সমস্যা সমাধান এবং মানবপাচার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর বিভাগ