মহান বিজয় দিবসে সিপিবি’র
৩ দিনের কর্মসূচি
Posted: 09 ডিসেম্বর, 2018
মহান বিজয় দিবস উদযাপনে দেশব্যাপী ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ শোষণ-বৈষম্যহীন ইনসাফের সমাজ প্রতিষ্ঠার ‘ভিশন-মুক্তিযুদ্ধ ৭১’ বাস্তবায়নের লক্ষ্যে, রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বিজয় দিবস উদযাপন করবে সিপিবি।
কর্মসূচির প্রথম দিন, ১৪ ডিসেম্বর, ২০১৮ শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ৮টায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিপিবির কেন্দ্রীয় কমিটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে। এদিন সারাদেশে স্থানীয়ভাবে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়সমূহে জাতীয় পতাকা অর্ধনামিত রাখা হবে।
এরপর ১৫ ডিসেম্বর, ২০১৮ দেশব্যাপী মুক্তিযুদ্ধের চেতনাধারা ও তাৎপর্য নিয়ে আলোচনাসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে পুরানা পল্টনের মুক্তিভবনে অবস্থিত মৈত্রী মিলনায়তনে বিকেল ৫টায় আলোচনা সভা হবে। সিপিবি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম সভায় সভাপতিত্ব করবেন।
১৬ ডিসেম্বর, ২০১৮ মহান বিজয় দিবসে সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে সিপিবি কেন্দ্রীয় কমিটি পুষ্পমাল্য অর্পণ করবে। এদিন সারাদেশে স্থানীয় স্মৃতিসৌধ, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। বিকেলে দেশব্যাপী বিজয় মিছিল, শোভাযাত্রা প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হবে।
ঢাকায় পুরানা পল্টনে মুক্তিভবনের সামনে বিকেল ৪টায় হবে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান।
লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িক উত্থান, সা¤্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বাম ও গণতান্ত্রিক শক্তি সমাবেশ গড়ে তোলা এবং রাষ্ট্রক্ষমতা অর্জনের মাধ্যমে মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্বপ্নসাধ বাস্তবায়নের শপথ নিয়ে এবারের বিজয় দিবস পালনের জন্য সিপিবি দেশবাসীর প্রতি আহŸান জানিয়েছে।