ভোটাধিকার হরণ ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে
আগামীকাল ৬ মে সিপিবি-বাসদ-এর বিক্ষোভ
Posted: 05 মে, 2015
জনগণের ভোটাধিকার হরণ ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর উদ্যোগে আগামীকাল ৬ মে বুধবার বিকেল ৪.৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।
কর্মসূচি সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি সিপিবি-বাসদ নেতৃবৃন্দ উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাসদ’র সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে বলেছেন, ভোটাধিকার হরণ ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। গণতন্ত্রসহ মুক্তিযুদ্ধের চেতনা-ধারা ফিরিয়ে আনা ও দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জনগণের ভোটাধিকারকে পুনঃপ্রতিষ্ঠার জন্য তীব্র সংগ্রাম গড়ে তোলা আজ জরুরি জাতীয় কর্তব্য। সিপিবি-বাসদ জনগণের সেই আন্দোলন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ’৯০-এর গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচার এরশাদের পতনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সার্বজনীন আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে সুযোগ তৈরি হয়, ক্ষমতার নোংরা খেলায় ব্যস্ত দুই দল জনগণের অর্জিত সেই ভোটাধিকারকে কলঙ্কিত ও ক্রমান্বয়ে সম্পূর্ণ অর্থহীন করেছে। টাকার খেলা, পেশিশক্তি ও ধর্মের ব্যবহার, প্রশাসনিক কারসাজির মাধ্যমে তারা নির্বাচনী ব্যবস্থাকে প্রহসন করে তুলেছে। তাছাড়া বেপরোয়া কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সাজানো ফলাফলের নকশা ইত্যাদি ক্রমাগতভাবে বেড়েই চলেছে। সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এসবেরই নিকৃষ্ট দৃষ্টান্ত দেখা গেছে। সিটি নির্বাচনকে তামাশায় পরিণত করা হয়েছে। বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে যে ভোটাধিকার জনগণ প্রতিষ্ঠা করেছিল, তাকে পদদলিত করা হয়েছে।
বার্তা প্রেরক
চন্দন সিদ্ধান্ত
কেন্দ্রীয় দপ্তর বিভাগ