প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে ৩ জানুয়ারি মুখে কালো কাপড় বেধে দেশব্যাপী অবস্থান

Posted: 01 জানুয়ারী, 2019

# বাম গণতান্ত্রিক জোটের সভা বাম গণতান্ত্রিক জোটের সভায় কোটি কোটি ভোটারদের ভোটাধিকার হরণ করে সংগঠিত প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল করে অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামী ৩ জানুয়ারি দেশব্যাপী মুখে কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঐ দিন সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচি পালিত হবে। আজ ১ জানুয়ারি ২০১৯ বিকেল ৪টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা শুভ্রাংশ চক্রবর্তী, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, পলিটব্যুরের সদস্য আজিজুর রহমান, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনির উদ্দিন পাপ্পু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক প্রমুখ। সভায় বলা হয়, ৩০ ডিসেম্বর অবাধ নির্বাচনের মাধ্যমে দেশবাসীকে তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ‘ভুয়া ভোটে’ যাদেরকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে তাদের প্রায় সবাইকে জনগণ ‘ভুয়া প্রতিনিধি’ হিসেবে বিবেচনা করছে। জনগণের কাছে ‘জনগণের প্রতিনিধি’ বলে দাবিদারদের কোন বৈধতা নেই। এমতাবস্থায়, সংগঠিত প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল করে অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনের অর্থ-পেশীশক্তি-প্রশাসনিক কারসাজি-সাম্প্রদায়িকতার ব্যবহার নিষিদ্ধ ও ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা’ চালুসহ গোটা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করে নতুন নির্বাচন অনুষ্ঠান করাই গণতন্ত্রের দাবি। সভায় এই পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও নির্বাচন কমিশনের নিকট দাবি জানানো হয়। সভায় জনগণের প্রতি দৃঢ় মনোবল অক্ষুণ্ন রেখে রুটি-রুজি ও গণতন্ত্র-ভোটাধিকারের সংগ্রাম অব্যাহত রাখার জন্য আহ্বান জানানো হয়। নোয়াখালীর সুবর্ণ চরে চার সন্তানের জননীকে গণধর্ষণের তীব্র নিন্দা, দোষীদের শাস্তি ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান বাম জোটের বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম আজ ১ জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে ভোট দেওয়াকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণ চরে চার সন্তানের জননীকে গণধর্ষণের তীব্র নিন্দা জানিয়ে, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে ভোটকে কেন্দ্র করে যেন কোন সহিংসতা না হয় তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীসহ সকল রাজনৈতিক দল ও সচেতন ব্যক্তির প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন।