শহীদ ডা. মিলন দিবসে সিপিবি’র শ্রদ্ধাঞ্জলি স্বৈরাচারের ভিত্তি উচ্ছেদ ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না

Posted: 27 নভেম্বর, 2018

স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন এর প্রতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পক্ষ থেকে আজ ২৭ নভেম্বর সকাল ৮টায় তাঁর সমাধিতে ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় সিপিবি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, সিপিবি সম্পাদক ও ৯০’র স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় নেতা ডা. ফজলুর রহমান, ডা. এম এ সাঈদ, লুনা নূর, বিকাশ সাহা, ক্ষেতমজুর নেতা আরিফুল ইসলাম নাদিম, অর্ণব সরকার, যুব নেতা হাফিজ আদনান রিয়াদ, নুরুল ইসলাম গাজীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পণ শেষে মো. শাহ আলম স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বৈরাচারের ভিত্তি উচ্ছেদ ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তিনি শহীদ মিলনসহ সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ও অবৈধ ক্ষমতা দখলকারীদের বিচার দাবি করেন। তিনি বলেন, পতিত স্বৈরাচার আর তার দোসরদের নিয়ে ক্ষমতার রাজনীতি যারা করছেন, তারা সাপ নিয়ে খেলা করছে। এর ছোবল থেকে দেশবাসীকে মুক্ত করতে বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি লড়াই করে যাচ্ছে। তিনি আসন্ন নির্বাচনে বামপন্থী শক্তির পক্ষে অবস্থান গ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। রুহিন হোসেন প্রিন্স বলেন, ৯০’র গণঅভূত্থানের পর তিন জোটের রূপরেখা ও আচরণবিধি অনুসরণ না করে শুধামাত্র ক্ষমতাশ্রয়ী দ্বি-দলীয় ধারার রাজনৈতিক দলগুলো প্রকারান্তরে স্বৈরাচারী ব্যবস্থাকে প্রশ্রয় দিয়ে চলেছে। এদের নীতিহীন দুর্বৃত্তায়িত রাজনীতির কারণে আজ পতিত স্বৈরাচার, রাজাকার, দুর্বৃত্তরা রাজনীতিতে দাপটের সঙ্গে বিচরণ করছে। তিনি নীতিহীন রাজনীতির বিপরীতে নীতিনিষ্ঠ রাজনীতির ধারাকে এগিয়ে নিতে সচেতন মানুষের প্রতি আহ্বান জানান।