সিপিবি’র মনোনয়নপত্র নেওয়া চলছে টাকার খেলা মোকাবেলা করে নির্বাচনী সংগ্রামকে নীতিনিষ্ঠভাবে এগিয়ে নিন -সেলিম

Posted: 17 নভেম্বর, 2018

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম টাকার খেলা, পেশীশক্তি, সাম্প্রদায়িকতা মোকাবেলা করে নির্বাচনী সংগ্রাম নীতিনিষ্ঠভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ ১৭ নভেম্বর সকাল ১০টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকার মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র দেওয়ার সময় তিনি বক্তব্য রাখছিলেন। এসময় পার্টির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ক্ষেতমজুর নেতা আরিফুল ইসলাম নাদিম প্রমুখ উপস্থিত ছিলেন। জনাব সেলিম, নারায়ণগঞ্জ-১ এর প্রার্থী মোঃ মনিরুজ্জামান চন্দন, নারায়ণগঞ্জ-২ এর প্রার্থী হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ এর প্রার্থী আব্দুস সালাম বাবুল, নারায়ণগঞ্জ-৪ এর প্রার্থী ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫ এর প্রার্থী অ্যাড. মণ্টু ঘোষ এর হাতে আবেদনপত্রের ফরম তুলে দেন। এসময় জনাব সেলিম আরো বলেন, ক্ষমতায় কোনো সময় আওয়ামী লীগ কোনো সময় বিএনপি থেকেছে। তারা বিরোধী দলে থাকলে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আর ক্ষমতায় গেলে ক্ষমতা কুক্ষিগত করে। লুটপাটের জন্য এদের কাছে ক্ষমতা অপরিহার্য। তাই এই দুই গোষ্ঠীর হাত থেকে দেশ বাঁচাতে, একমাত্র নীতিনিষ্ঠ শক্তি বাম গণতান্ত্রিক জোট ভোটের সংগ্রামে নেমেছে। এই সংগ্রামে মানুষকে সচেতন ও সংগঠিত করার আহ্বান জানান তিনি। জনাব সেলিম তফসিল ঘোষণার পরও রঙিন বিজ্ঞাপনে রাস্তাঘাট সাজানো ও ইলেকট্রনিক প্রচারে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এসব বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উল্লেখ্য আগামীকাল ১৮ নভেম্বর পর্যন্ত সিপিবি’র মনোয়নের আবেদন দেওয়া হবে। তৃণমূল থেকে অর্থাৎ শাখা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের কমিটির মতামতের ভিত্তিতে আবেদন পাঠাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান হয়েছে।