সিপিবি’র মনোনয়ন সংগ্রহ অব্যাহত আছে কমিউনিস্ট পার্টি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতিকে দুর্বৃত্তায়ন মুক্ত করবে -সেলিম

Posted: 16 নভেম্বর, 2018

# মনোনয়নের জন্য যেসকল নেতৃবৃন্দের আবেদন সিপিবি কার্যালয়ে এসেছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাস্তে মার্কার প্রার্থী হিসেবে সকল আসন থেকে পর্যায়ক্রমে মনোনয়নের জন্য তৃণমূল থেকে সুপারিশের মাধ্যমে নাম আসা অব্যাহত আছে। আজ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তরে প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণের সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন- জনপ্রতিনিধির জন্য প্রার্থীতা কোন ব্যবসা নয়। মনোনয়নপত্রকে বিকিকিনি করে রাজনীতিকে দুর্বৃত্তায়িত করে ফেলা হয়েছে। আগামী দিনে কমিউনিস্ট পার্টি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতিকে দুর্বৃত্তায়ন মুক্ত করে জনতার শাসন প্রতিষ্ঠা করবে। প্রার্থী হিসেবে আজ যে সকল নেতৃবৃন্দের নাম এসেছে- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ (বাগেরহাট-৪), বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব (গাজীপুর-৪), বিশিষ্ট সমাজসেবক ও শিশু-কিশোর সংগঠক আবু তাহের বকুল (ঢাকা-৬), ক্ষেতমজুর আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যাপক কামরুজ্জামান (রংপুর-৬), কুড়িগ্রাম জেলা সিপিবি’র সভাপতি উপেন্দ্রনাথ রায় (কুড়িগ্রাম-২), গাইবান্ধা জেলা সিপিবি’র নেতা আদিবাসীদের অধিকারের আন্দোলনের অন্যতম সংগঠক যজ্ঞেশ্বর বর্মন (গাইবান্ধা-৫), বগুড়া সিপিবি’র নেতা ও কৃষক আন্দোলনের সংগঠক সন্তোষ পাল (বগুড়া-৫), ঝিনাইদহ সিপিবি’র নেতা আব্দুর রব (ঝিনাইদহ-৩), ক্ষেতমজুর আন্দোলনের অন্যতম সংগঠক অ্যাডভোকেট চিত্তরঞ্জন গোলদার (খুলনা-৫), সিপিবি ময়মনসিংহ জেলার নেতা, হারুন আল বারী (ময়মনসিংহ-৩), নওগাঁ জেলা সিপিবি’র নেতা মনসুর রহমান (নওগাঁ-৬), কুষ্টিয়া জেলা সিপিবি’র নেতা অধ্যাপক অহিদুজ্জামান পিন্টু (কুষ্টিয়া-২), ঝিনাইদহ সিপিবি’র নেতা ফণিভূষণ রায় (ঝিনাইদহ-৪), বাগেরহাট সিপিবি’র নেতা খান সেকেন্দার আলী (বাগেরহাট-২), পাইকগাছা উপজেলা সিপিবি’র সভাপতি সুভাষ ছানা মহিম (খুলনা-৬), পটুয়াখালী জেলা সিপিবি’র নেতা শাহাবুদ্দিন মাস্টার (পটুয়াখালী-২), জামালপুর জেলা সিপিবি’র বীরেন্দ্র চন্দ্র গোপ (জামালপুর-৪) প্রমুখ। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নের জন্য আবেদন গ্রহণ করা হবে। উল্লেখিত সময়ের মধ্যে তৃণমূল থেকে যথা নিয়মে অর্থাৎ শাখা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের কমিটির মতামতের ভিত্তিতে আবেদন পাঠাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান হয়েছে।