কমরেড হাবিবুর রহমানের মৃত্যুতে সিপিবি’র শোক
Posted: 21 অক্টোবর, 2018
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র বিশিষ্ট সংগঠক কমরেড হাবিবুর রহমান আর নেই। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ১ অক্টোবর পক্ষাঘাতগ্রস্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ২১ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম এক বিবৃতিতে কমরেড হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কিশোর বয়সেই কমরেড হাবিবুর রহমান কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং তখন থেকেই পার্টির একজন একনিষ্ঠ সার্বক্ষণিক কর্মী হিসেবে কাজ করতে থাকেন। কমিউনিস্ট পার্টি যখন বেআইনি ছিল, তখন কমরেড হাবিবুর রহমান পার্টির শীর্ষ নেতা কমরেড মণি সিংহ, কমরেড খোকা রায়, কমরেড জীতেন ঘোষ, কমরেড বারীণ দত্তসহ অন্য নেতৃবৃন্দের সহযোগী হিসেবে তাঁদের গোপন আস্তানায় পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের সময় কমরেড মণি সিংহের সঙ্গে তিনি গ্রেপ্তার হন এবং ১৯৭০ সালে মুক্তি লাভ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, কমরেড হাবিবুর রহমান এ দেশের কমিউনিস্ট আন্দোলনে বিশিষ্ট ভূমিকা পালন করেন। পার্টির অনেক ঝুঁকিপূর্ণ দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেন। কমিউনিস্ট আন্দোলনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিপ্লবী লড়াই থেকে সমাজ পরিবর্তনের লড়াইয়ের কর্মীদের শিক্ষা গ্রহণ করতে হবে।
কমরেড হাবিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন
প্রয়াত কমরেড হাবিবুর রহমানের প্রতি তাঁর গেন্ডারিয়াস্থ বাসভবনে সিপিবিসহ বিভিন্ন দল, সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সিপিবি’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ কমরেড মাহবুবুল আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।