বাম গণতান্ত্রিক জোটের সভার প্রস্তাব দেশব্যাপী দমন-নিপীড়ন সরকারের ‘বেসামাল’ দশারই বহিঃপ্রকাশ

Posted: 20 অক্টোবর, 2018

## নিপীড়নের পথ পরিহার করুন, নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনের উদ্যোগ নিন ## ২৩ অক্টোবর দেশব্যাপী বাম জোটের গণ অবস্থান আজ ২০ অক্টোবর বিকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যলয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে দেশব্যাপী বিরোধী রাজনৈতিক দলের কর্মকা-ের বিরুদ্ধে সরকারের অব্যাহত দমন নীতিকে সরকারের ‘বেসামাল’ দশারই বহিঃপ্রকাশ আখ্যায়িত করে বলা হয় সরকার বিরোধীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে দমন-নিপীড়নের স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী পথ অবলম্বন করেছে। রাজনৈতিক প্রতিপক্ষের শান্তিপূর্ণ নিরীহ কর্মসূচিকেও তারা ভয় পাচ্ছে এবং ‘নাশকতার’ উদ্ভট সব অজুহাত তুলে কর্মসূচিকে প- করে দিতে তৎপর রয়েছে। সাতক্ষীরা, খুলনা, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে বাম জোটের নেতাকর্মীদের উপর এখনও দমন-নিপীড়ন অব্যাহত রয়েছে। হয়রানিমূলক উদ্ভট ও হাস্যকর মামলায় এখনও সাতক্ষীরায় বাম জোটের নেতৃবৃন্দকে আটক রাখা হয়েছে। হয়রানি করা হচ্ছে বাম জোটের নেতাকর্মীদেরকে। বাম জোটের সভার প্রস্তাবে উল্লেখ করা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার আর যখন তিন সপ্তাহও নেই তখনও সরকার নির্যাতন-নিপীড়নের এক নিষ্ঠুর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বহাল রেখেছে। মানুষের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আস্থার পরিবর্তে তারা আতঙ্ক তৈরি করে চলেছে। এই পরিস্থিতিতে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোন অবকাশ নেই। প্রস্তাবে সরকারকে ইতিহাসের পাঠ নিয়ে দমন নিপীড়নের পথ পরিহার করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনে কার্যকরি রাজনৈতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়। বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় নেতা ফখরুদ্দিন কবীর আতিক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক এবং জোটের কেন্দ্রীয় নেতা আকবর খান, মমিনুর রহমান বিশাল প্রমুখ। ২৩ অক্টোবর গণ অবস্থান সফল করার আহ্বান সভায় বর্তমান সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন, সংসদ বাতিল, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৩ অক্টোবর ঢাকাসহ দেশব্যাপী “গণ অবস্থান” সফল করার আহ্বান জানানো হয়। ঢাকায় বেলা ১১টায় থেকে ২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সম্মুখে এই গণ অবস্থান অনুষ্ঠিত হবে।