নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী নতুন বছরে নতুন ঢাকা গড়ে তুলতে - চাই বিকল্প নেতৃত্ব

Posted: 14 এপ্রিল, 2015

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি-বাসদসহ বাম-প্রগতিশীলদের সমর্থিত ’সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের’ প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) বলেছেন, জীর্ণ-পুরাতনের সাথে সাথে দুর্বৃত্তায়িত, গণবিরোধী রাজনীতিকে বিদায় দিতে হবে। একই সাথে আদর্শহীন, অদক্ষ, অযোগ্য নেতৃত্বকে প্রত্যাখ্যান করতে হবে। সকলের যোগ্য বাসযোগ্য মানবিক ঢাকা গড়ে তুলতে হবে। নতুন বছরে নতুন ঢাকা গড়ে তুলতে - চাই বিকল্প নেতৃত্ব। আজ ১৪ এপ্রিল সকাল ৭টা থেকে মৎস্যভবনের সামনে থেকে শুরু করে সারাদিন রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, চারুকলা ইন্সটিটিউট, শাহবাগ, ধানমন্ডি রবীন্দ্র সরোবর এলাকায় ঢাকাবাসীর সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে হাতী মার্কার মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, সিপিবি’র কেন্দ্রীয় নেতা জলি তালুকদার, ডা. সাজেদুল হক রুবেল, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ঢাকা নগরের সাধারণ সম্পাদক আসলাম খান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান সোহেল, ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমুখ। কাফি রতন আরো বলেন, এবার ঢাকা শহরকে বদলে দিতে হবে। বর্তমানে যে নীতির ভিত্তিতে সিটি কর্পোরেশন পরিচালিত হচ্ছে সেই নীতিকে প্রত্যাখ্যান করতে হবে। একই সাথে নেতৃত্বেরও বদল ঘটাতে হবে। আওয়ামী লীগ ও বিএনপির মেয়রদের দুষ্কর্ম আর নয়। লুটেরা ধনিকশ্রেণীর স্বার্থে নয়, গরিব-মেহনতি, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের স্বার্থে সিটি কর্পোরেশন পরিচালিত করতে হবে। তার জন্য বাম-প্রগতিশীল প্রার্থীদের নির্বাচিত করতে হবে। তাহলেই কেবল গণমানুষের আকাক্সক্ষার বাস্তবায়ন ঘটানো সম্ভব হবে। হাতী মার্কার প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) ঢাকাবাসীর রায় প্রত্যাশা করে বলেন, হতাশার আবর্তে ঘুরপাক না খেয়ে ঢাকাবাসীকে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে। এবারের সিটি নির্বাচনের ভেতর দিয়ে গণবিরোধী নীতি ও নেতৃত্বকে প্রত্যাখ্যান করে জনগণের স্বার্থের নীতি ও নেতৃত্বকে বিজয়ী করতে হবে। বিকল্প রাজনৈতিক শক্তির বিজয়-কেতন ওড়াতে হবে। আগামীকালের গণসংযোগসূচি : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) আগামীকাল ১৫ এপ্রিল সকাল ১০ টা থেকে কড়াইল বস্তি, বনানী, মহাখালী এলাকায় গণসংযোগ করবেন। এছাড়া আগামীকাল বিকেল ৪টায় কড়াইল বস্তিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আবদুল্লাহ আল ক্বাফী ছাড়াও সিপিবি’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহসহ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বার্তা প্রেরক খান আসাদুজ্জামান মাসুম সমন্বয়ক, মিডিয়া সেল