বাম গণতান্ত্রিক জোটের আহ্বান
গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি
১৬ হাজার টাকা ঘোষণা করুন
Posted: 02 সেপ্টেম্বর, 2018
আজ ২ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, অস্থায়ী কার্যালয় মুক্তিভবনে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় সরকারের প্রতি উপরোক্ত আহ্বান জানানো হয়। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।
সভায় নেতৃবৃন্দ বলেন, মজুরি বৃদ্ধির নাম করে গার্মেন্ট শ্রমিকদের প্রকৃত মজুরি কমিয়ে দেয়ার চক্রান্ত চলছে। এই চক্রান্তে মালিকদের সাথে শামিল সরকার। নেতৃবৃন্দ সরকারের প্রতি শ্রমিক বিদ্বেষি ভূমিকা পরিহার করে অবিলম্বে ১৬ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানান। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার শ্রমিকের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হলে দেশের শ্রমিক মেহনতি মানুষ তার সমুচিত জবাব দেবে। তাঁরা বলেন, অবিলম্বে ১৬ হাজার টাকা ঘোষণা না হলে, বর্তমান বাজার দর বিবেচনা করে আরও বেশি মজুরির দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামবে।
নেতৃবৃন্দ বলেন, মজুরি বোর্ডে মালিক প্রতিনিধির ৬ হাজার ৩৬০ টাকা এবং শ্রমিক প্রতিনিধির ১২ হাজার ২০ টাকার প্রস্তাবনা বাংলাদেশের গার্মেন্ট শ্রমিক ও দেশবাসীর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ আবারও প্রমাণ করল তারা শিল্পে সুষ্ঠু এবং গণতান্ত্রিক পরিবেশ চায় না। নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান বাজার পরিস্থিতির সাথে মজুরির প্রস্তাবনা কোনোভাবেই সামাঞ্জস্যপূর্ণ নয়।
নেতৃবৃন্দ গার্মেন্ট মালিকদের পাতা ফাঁদে পা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা করুন।
নেতৃবৃন্দ অধিকার আদায়ে মজবুত ঐক্য গড়ে তোলার জন্য গার্মেন্ট শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।