নির্বাচনী প্রচারাভিযানে আবদুল্লাহ আল ক্বাফী
দখলমুক্ত, পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে চাই
Posted: 12 এপ্রিল, 2015
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী বলেছেন, বর্তমানে ঢাকা শহরে দখলের উৎসব চলছে। নদী, খাল, জলাশয়, খেলার মাঠ, পার্ক-সব দখল হয়ে যাচ্ছে। ঢাকা শহরের পরিবেশ মারাত্মক হুমকির মুখে। ঢাকা এখন দুষণের নগরীতে পরিণত হয়েছে। সকলের জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে ঢাকাকে দখলমুক্ত ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
আজ ১২ এপ্রিল সকাল থেকে ফার্মগেট, ইন্দ্রিরা রোড, তেজকুনিপাড়া, নাকালপাড়া, মিরপুর ১ নম্বর, তেজগাঁও-এ প্রচারাভিযানকালে অনুষ্ঠিত বিভিন্ন পথসভায় হাতী মার্কার প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী এসব কথা বলেন। প্রচারণা অভিযানে শুরুতেই গণসংঙ্গীত পরিবেশন করেন, গণমানুষের শিল্পী মুক্তিযোদ্ধা সিদ্দীক মোল্লা এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় নেতা জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম, যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, প্রেসিডিয়াম সদস্য শেখ আবদুল মান্নান, ইমাম হোসেন খোকন, ছাত্র নেতা সুমন সেন গুপ্ত, অনিক রায় প্রমুখ।
কাফি রতন আরো বলেন, ঢাকা শহরের প্রাকৃতিক সৌন্দর্য এখন কেবল ইতিহাস। নোংরা পরিবেশ আর দুর্গন্ধে নগরবাসীর জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বর্জ্য নিষ্কাশনের যথাযথ কোন ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতেই শহর তলিয়ে যায়। অপরিকল্পিত নগরায়নের ফলে সবুজ উচ্ছেদ হয়ে গেছে। বহুতল ভবনের আস্তাকুড়ে পরিণত হয়েছে এ শহর। এভাবে ঢাকা বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছে।
হাতী মার্কার প্রার্থী কাফি রতন আরো বলেন, ভোগবাদী দুর্বৃত্তায়িত রাজনীতির চরম শিকার ঢাকা শহর। সাধারণ মানুষের ন্যূনতম নাগরিক সুবিধা নেই এ শহরে। এ অবস্থা থেকে মুক্তি পেতে লুটেরা প্রার্থীদের প্রত্যাখ্যান করতে হবে। নীতি ও আদর্শের পক্ষের প্রার্থীদের নির্বাচিত করতে হবে।
সংস্কৃতি কর্মীদের সাথে আবদুল্লাহ আল ক্বাফী’র মতবিনিময়
আজ ১২ এপ্রিল বিকেলে তোপখানা সড়কস্থ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী সংস্কৃতি কর্মীদের সাথে মতবিনিময় করেন।
উদীচীর সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আবদুল্লাহ আল ক্বাফী ছাড়াও বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, সিপিবি নেতা আসলাম খান এবং সংস্কৃতি কর্মীদের মধ্যে ড. সফিউদ্দিন আহমেদ, অধ্যাপক বদিউর রহমান, প্রকৌশলী কাজী মোহাম্মদ শীশ, অধ্যাপিকা এ এন রাশেদা, প্রবীর সরদার, জামসেদ আনোয়ার তপন, ইকবালুর রহমান খান, সঙ্গীতা ইমাম প্রমুখ।
ধন্যবাদসহ
খান আসাদুজ্জামান মাসুম
সমন্বয়ক, মিডিয়া সেল