কামারুজ্জামানের মৃত্যুদন্ড কার্যকর হওয়ায় সিপিবি’র সন্তোষ
Posted: 12 এপ্রিল, 2015
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ আজ এক বিবৃতিতে, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদন্ড কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদন্ড কার্যকর হওয়ার মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের প্রক্রিয়া আরেক ধাপ অগ্রসর হলো। একই সাথে এই শাস্তি কার্যকর করা নিয়ে দেশবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চসহ সারাদেশে তরুন-যুবসমাজসহ দেশবাসী যে আন্দোলন গড়ে তুলেছিলেন, জনতার সেই আন্দোলনের আবারও বিজয় অর্জিত হলো। এই বিজয় শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনসহ জনগণের দীর্ঘদিনের আন্দোলনের বিজয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সকল কুখ্যাত যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। মানবতাবিরোধী যেসব অপরাধী এখনো বিচারিক প্রক্রিয়ার বাইরে আছে, তাদেরকেও বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমবিরোধী দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, ব্যক্তির পাশাপাশি যেসব রাজনৈতিক দল ও শক্তি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন সাম্রাজ্যবাদসহ যেসব দেশ ও মহল যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকেও বিচার ও জবাবদিহিতার আওতায় আনতে, দ্রুতই উচ্চ পর্যায়ের কমিশন গঠন করতে হবে। আদালত কর্তৃক যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে ঘোষিত জামাত-শিবিরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। একই সাথে জামাত-শিবিরের আর্থিকসহ সব ধরনের উৎস ও সহায়তা বন্ধ করে দিতে হবে।
বার্তা প্রেরক
চন্দন সিদ্ধান্ত
কেন্দ্রীয় দপ্তর বিভাগ