নীতিনিষ্ঠ রাজনীতিকদের ‘হ্যাঁ’ ও নীতিহীন রাজনীতিকদের ‘না’ বলে ‘নৈতিকতা’ কে জয়ী করার আহ্বান সিপিবি’র

Posted: 09 এপ্রিল, 2015

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা কমিটির কর্মীসভায় আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নীতিহীন রাজনীতিক ও তার সমর্থিত প্রার্থীদের ‘না’ ও নীতিনিষ্ঠ রাজনীতিকদের ‘হ্যাঁ’ বলার মধ্য দিয়ে নিষ্ঠাবান প্রার্থীদের জয়ী করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান হয়েছে। আজ ৯ এপ্রিল বিকেল ৪:০০ টায় মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে সিপিবি ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, ৪৫ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী আবু তাহের বকুল, জাহিদ হোসেন খান, এ্যাড. হাসান তারিক চৌধুরী, মোসলেহউদ্দিন, আসলাম উদ্দিন, পরেশ চন্দ্র মজুমদার, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান মিলন প্রমুখ। রুহিন হোসেন প্রিন্স বলেন, যারা রাজনীতি থেকে নীতি বিসর্জন দিয়ে যেন তেন প্রকারে ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে এবং এজন্য ৭১-এর ঘাতক সাম্প্রদায়িক অপশক্তি ও স্বৈরাচারী শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আজ তারা আবার নীতিকথা বলে ভোটের মাঠে নেমেছে। জনগণের কাছে আজ সুযোগ এসেছে এসব শক্তিকে ‘না’ বলার। তিনি বলেন, নীতিহীন শক্তিকে ‘না’ এবং নীতিনিষ্ঠ শক্তিকে ‘হ্যাঁ’ বলতে না পারলে নির্বাচনে হয়তো কেউ জয়ী হবে কিন্তু পরাজিত হবে নৈতিকতা। ডা. সাজেদুল হক রুবেল সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দেলনের প্রার্থীদের জয়ী করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান। সভায় বক্তারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সর্বক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে না পারলে ‘লেভেল প্লেইং ফিল্ড’ এর কথা কাগজেই থেকে যাবে। বার্তা প্রেরক মানবেন্দ্র দেব সিপিবি ঢাকা কমিটি