আবদুল্লাহ আল ক্বাফী’র আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু
Posted: 07 এপ্রিল, 2015
আজ সকাল ১১:৩০ টায় “বাসযোগ্য ঢাকা চাই” আন্দোলনের নেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছেন। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহম্মেদ, কেন্দ্রীয় কমিটির নেতা রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আসলাম খান, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীম, বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান হীরা, বাসদের খালেকুজ্জামান লিপন, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশের কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এস এম শুভ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লাকী আক্তার, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক সুমন সেন গুপ্তসহ আরও নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের পর রায়ের বাজার থেকে মেয়র প্রার্থীসহ নেতৃবৃন্দ গণসংযোগ শুরু করেন। বেড়িবাধ, বাসবাড়ি, কাটাশুর, সাতমসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সেচ্ছাসেবী রোড (শহীদ পার্ক মার্কেট), সলিমুল্লাহ রোড হয়ে মোহাম্মদপুর ট্রাকস্ট্যান্ডে এসে পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ হয়। উক্ত পথসভার পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আসলাম খান। বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী এবং ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান।
গণসংযোগকালে আবদুল্লাহ আল ক্বাফী তাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করার মাধ্যমে সবার জন্য বাসযোগ্য মানবিক ঢাকা গড়ে তোলার সুযোগ দিতে আহ্বান জানান। তিনি ঢাকা সিটি কর্পোরেশনে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলারও অঙ্গীকার করেন।
বার্তা প্রেরক
খান আসাদুজ্জামান মাসুম
সমন্বয়ক, মিডিয়া সেল
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী
আবদুল্লাহ আল ক্বাফী’র নির্বাচন পরিচালনা কমিটি