‘সার্চ কমিটি’ গঠন সম্পর্কে সিপিবি’র প্রতিক্রিয়া

Posted: 26 জানুয়ারী, 2017

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশনের নাম সুপারিশ করার জন্য সরকার ৬ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনার সময় আমরা সিপিবি’র পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছিলাম যে, সমগ্র প্রক্রিয়াটিকে যেকোনো ধরনের বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য তাকে আইনী কাঠামোর ভেতরে আনা হোক। নির্বাচন কমিশনের প্রধান ও সদস্যদের নামের প্রাথমিক তালিকা প্রস্তুত করার জন্য প্রথমে একটি ‘সার্চ কমিটি’ গঠন করার বিধান করা হোক। সেই বিধানও আইনী কাঠামোর অধীনে নিয়ে আসা হোক। অর্থাৎ ‘সার্চ কমিটি’ কোন ‘ব্যক্তি’দের নিয়ে গঠিত হবে-এ চিন্তা না করে, কোন কোন ‘প্রতিষ্ঠানের প্রতিনিধি’ নিয়ে গঠিত হবে তা উল্লেখ করে একটি আইন প্রণয়ন করা হোক। তাহলে সার্চ কমিটি গঠন নিয়ে বিতর্কের অবকাশ কম থাকবে। এ ধরনের একটি আইন প্রণয়নের দায়িত্ব সরকারের। সরকার এরূপ আইন প্রণয়নের পথে যায়নি। ফলে ‘সার্চ কমিটি’ নিয়ে বিতর্কের সুযোগ সৃষ্টি করে রাখা হয়েছে। এটি অনাকাক্সিক্ষত ছিল এবং জাতির জন্য তা খুবই দুঃখজনক ও বিপজ্জনক। তারপরও আমরা আশা করব যাঁদেরকে নিয়ে ‘সার্চ কমিটি’ গঠন করা হয়েছে, তাঁরা সকল ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করবেন।